মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইরানে ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিকভাবে চালু থাকা ফ্লাইট ব্যবহার করে সাময়িকভাবে ইরান ত্যাগের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরান সফরের পরিকল্পনা স্থগিত রাখা উচিত। পাশাপাশি বর্তমানে ইরানে অবস্থানরত নাগরিকদের ‘উপলব্ধ ফ্লাইটের মাধ্যমে সাময়িকভাবে দেশটি ত্যাগের বিষয়টি বিবেচনা করতে’ আহ্বান জানানো হয়েছে।
এদিকে টানা নবম দিনের মতো সোমবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। এর মধ্যে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় অচল হয়ে পড়েছে। এ ঘটনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এক মাস আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলমান এই সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি করছে। একই সঙ্গে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি আরো বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


