ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক স্থায়ী কমিটি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে অভিহিত করেছে।
কমিটির দাবি, মোদির ভিডিও সরিয়ে নেওয়ার মাধ্যমে ১৪০ কোটির বেশি ভারতীয় নাগরিকের প্রতিনিধির প্রতি অসম্মান দেখানো হয়েছে।
কমিটি সতর্ক করেছে, তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভিডিও সরানোর জন্য দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তা না হলে ফেসবুকের ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।
‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহার করা হলে ফেসবুক ও এর কর্মকর্তারা ব্যবহারকারীদের প্রকাশ করা কনটেন্টের জন্য সরাসরি আইনি ও ফৌজদারি জটিলতার মুখে পড়তে পারেন।
যেভাবে সরানো হয়েছিল মোদির ভিডিও
গত ২৩ জুলাই মোদির একটি সেলফি-স্টাইল ভিডিও প্রথমে ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়। পরে সেটি ফেসবুকে শেয়ার করা হলে কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়া হয়।
ভিডিওটিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি।
ভিডিওটি সরিয়ে নেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে পরে সেটি আবার ফেসবুকে ফিরিয়ে আনে মেটা।
ঘটনার পর চলতি সপ্তাহের শুরুতে সংসদীয় কমিটি মেটার কর্মকর্তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করে। ভিডিও সরানোর জন্য মেটা ‘কারিগরি ত্রুটি’কে দায়ী করে দুঃখ প্রকাশ করে।
তবে মেটার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে মেটার এমন ত্রুটি এড়াতে আরো শক্তিশালী ব্যবস্থা থাকা উচিত।
বড় প্ল্যাটফর্মগুলোকে তিন দিনের সময়
এদিকে একই সংসদীয় কমিটি গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শিশুদের যৌন শোষণ ও নির্যাতনসংক্রান্ত (সিএসইএএস) কনটেন্ট এবং নারীদের লক্ষ্য করে তৈরি আপত্তিকর কনটেন্ট তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব কনটেন্ট অপসারণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কমিটি।
গুগল ও মেটার বিরুদ্ধে মামলা
অন্যদিকে, পৃথক অভিযোগে গুগল ও মেটার বিরুদ্ধে মামলা করেছে তেলেঙ্গানা পুলিশ।
গুগলের বিরুদ্ধে প্রতারণামূলক আর্থিক অ্যাপ হোস্ট করার অভিযোগ আনা হয়েছে। আর মেটার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মামলা করা হয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

