নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে টানা কয়েক দিন ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছে কংগ্রেস। দলটি জানিয়েছে, শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।
ঝাড়খণ্ড কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা কে রাউজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রিসভার কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস।
জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ২৫ জুলাই থেকে রাঁচিতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা ১৪তম ঝাড়খণ্ড পিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল, সিবিআই বা অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতিদের মাধ্যমে তদন্ত এবং নিয়োগব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে।
আন্দোলন আরো তীব্র হলে পাঁচ শিক্ষার্থী অনশন শুরু করেন। তাদের মধ্যে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্রনাথ মাহতোও ছিলেন।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
কংগ্রেস জানিয়েছে, তারা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ও ন্যায়বিচারের জন্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
সূত্র: দ্য হিন্দু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


