ভারতের যন্তর মন্তরের পর এবার ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সেই মুসলিম যুবক

ভারতের যন্তর মন্তরের পর এবার ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সেই মুসলিম যুবক

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের টানা ৩৫ দিন খাবার সরবরাহ করে আলোচনায় আসা মোহাম্মদ জুনাইদ মালিক এবার ঝাড়খণ্ডের রাঁচিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। যন্তর মন্তরে আন্দোলনকারীদের সহায়তা করতে গিয়ে পুলিশের হয়রানির অভিযোগ তোলার পরো তিনি আন্দোলনকারীদের সহযোগিতা অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন

গাজিয়াবাদের ৩০ বছর বয়সী এলএলবি শিক্ষার্থী জুনাইদ মালিক বর্তমানে রাঁচিতে অবস্থান করে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করছেন।

জুনাইদ বলেন, আমরা সকালের নাশতার ব্যবস্থা করেছি এবং আন্দোলনকারীদের জন্য নিয়মিত খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছি। এটি শুধু আমার একার উদ্যোগ নয়, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা।

তিনি জানান, দিল্লি থেকে তার পুরো স্বেচ্ছাসেবী দল রাঁচিতে এসেছে এবং আরো কয়েকজন যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় আন্দোলনকারীদের জন্য নিরামিষ বিরিয়ানি পরিবেশনেরও পরিকল্পনা রয়েছে।

জুনাইদের ভাষায়, শিক্ষার্থীরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা তাদের সংগ্রামের পাশে থাকব। আমরা তাদের প্রত্যেককে সমর্থন করি এবং সবসময় তাদের পাশে থাকব।

তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রতি শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আহ্বান জানান।

জুনাইদ বলেন, টানা বৃষ্টিতে আন্দোলনস্থলে পানি জমে রয়েছে। এতে মশার প্রজনন বেড়ে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এই সময় পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা, কিন্তু কেন তাদের মূল্যবান সময় এভাবে রাস্তায় কাটাতে হচ্ছে?

এদিকে, ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুরু হওয়া আন্দোলন শুক্রবার ১৪তম দিনে গড়িয়েছে। বর্তমানে ছয়জন আন্দোলনকারী অনির্দিষ্টকালের অনশন পালন করছেন, যার মধ্যে একজনকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা অনশনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার রাতে আরও পাঁচজন, যার মধ্যে দুইজন নারী রয়েছেন, ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (জেএলকেএম)-এর নেতা দেবেন্দ্র নাথ মাহতোর সঙ্গে অনশনে যোগ দেন। মাহতো টানা ছয় দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন।

সংকট নিরসনে বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীরা ১১ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আলোচনার জন্য সরকারের দরজা খোলা রয়েছে বলে জানালেও আন্দোলনকারীদের দাবি, এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ তারা পাননি।

উল্লেখ্য, গত ২৫ জুলাই রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চের ব্যানারে শুরু হওয়া এই আন্দোলন সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ডের অন্যতম বৃহৎ শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনে পরিণত হয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন