নির্বাচনি অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। শনিবার সকালে যারা যন্তর মন্তরের দিকে যাচ্ছিলেন, তাদের আটক করে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হচ্ছে। সিজেপি সমর্থকদের জমায়েত ঠেকাতে ঐতিহাসিক বিক্ষোভস্থল যন্তর মন্তর কার্যত অবরুদ্ধ রাখার চেষ্টা করছে পুলিশ।
যন্তর মন্তরের কাছে কনট প্লেসসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার ছবি ছড়িয়ে পড়েছে। অন্য একটি ভিডিওতে কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশি ঘেরাটোপে একটি ভ্যানের ভেতরে বসে থাকতে দেখা যায়।
সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস শনিবার সকালে দিল্লিতে বিমান বন্দর থেকে আটক করা হয়। এছাড়া, রাতভর প্রায় ১ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিপুল জমায়েত ঠেকাতে বন্ধ রাখা হয়েছে একাধিক মেট্রো স্টেশন এবং বাতিল করা হয়েছে শতাধিক ট্রেন।
ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশের পদত্যাগের দাবিও জানিয়ে আসছিল দলটি।
তবে, নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচির কথা প্রশাসনকে জানানো হয়নিÑএই যুক্তিতে দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি।
ছত্রশাল স্টেডিয়ামে আটক বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন সিপিআই(এম)-এর সংসদ সদস্য জন ব্রিটাস এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। স্টেডিয়াম থেকে একটি ভিডিও প্রকাশ করে বিজয়ন পুলিশের বিরুদ্ধে ন্যূনতম সৌজন্যবোধ না দেখানোর অভিযোগ তুলেছেন।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


