মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি করে পঞ্চায়েতবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের এই প্রশাসনিক রদবদল ঘটে।
বিনীত জোশীর স্থলাভিষিক্ত করা হয়েছে নরেশ পাল গঙ্গওয়ারকে। নতুন শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে শিক্ষা সচিব পদে এই পরিবর্তনের পর আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ কমেনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ওপর এই সিদ্ধান্তের তেমন কোনো প্রভাব পড়েনি। তারা নিজেদের দাবিতে অনড় থেকে এখনও রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলন করছে ফেসবুকভিত্তিক সংগঠন ‘ককৰোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিজেপির এই আন্দোলনে সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেছিলেন ভারতের প্রখ্যাত জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। তবে শিক্ষা সচিবকে বদলির সিদ্ধান্তের পর গত বৃহস্পতিবার রাতে তিনি অনশন ভঙ্গ করেছেন। বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত অন্তত ১২ জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

