ভারতের উত্তরপ্রদেশের বালরামপুরে স্কুলের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উচ্চস্বরের ডিজে মিউজিকের শব্দে মেয়েটির হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। গত সোমবার বেলা ১১টার দিকে ডিভাইন পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে।
মৃত শিক্ষার্থী সোনু তিওয়ারিতুর মেয়ে। ঘটনার পর স্কুলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। প্রায় ৩ মিনিট ২ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়, স্কুলের বাইরে একটি বিসর্জন শোভাযাত্রায় উচ্চ শব্দে ডিজে বাজানোর সময় শিক্ষার্থীরা অস্বস্তি প্রকাশ করছে। কয়েকজন শিক্ষার্থী জানালা ও দরজার দিকে এগিয়ে যায়। এ সময় ওই ছাত্রীকেও অসুস্থ বোধ করতে দেখা যায়।
শিক্ষার্থীর পরিবারের দাবি, ডিজের তীব্র শব্দ ও কম্পনের কারণে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তার তিন দফা ‘অ্যাটাক’ হয় এবং তৃতীয়বারের পর অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাদের অভিযোগ, উচ্চ শব্দ ও কম্পনের প্রভাবে তার হৃদ্যন্ত্রে সমস্যা তৈরি হয়ে মৃত্যু হয়েছে। তবে এ দাবি এখনো চিকিৎসাগতভাবে নিশ্চিত করা হয়নি।
স্কুলের শিক্ষক ইকরা খান ও পাম্মি মিশ্র জানান, ডিজের শব্দ এতটাই তীব্র ছিল যে শ্রেণিকক্ষের জানালার কাচ পর্যন্ত কাঁপছিল। কয়েকজন শিক্ষার্থী শব্দের সঙ্গে নাচতে শুরু করলেও পরে তারা দেখতে পান ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষকরা দ্রুত তাকে নিচে নামিয়ে কাছের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়।
স্কুলের ব্যবস্থাপক আশিস উপাধ্যায় জানান, পুরো ঘটনাটি সিসিটিভিতে ধারণ হয়েছে। তাঁর দাবি, শোভাযাত্রার ডিজে অত্যন্ত উচ্চ শব্দে বাজানো হচ্ছিল।
তবে পুলিশ জানিয়েছে, শুধু ডিজের শব্দের কারণেই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে—এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো ঠিক হবে না। অতিরিক্ত পুলিশ সুপার মার্তণ্ড প্রকাশ সিং বলেন, শিশুটির মৃত্যু উচ্চ শব্দের প্রভাবে হয়েছে, নাকি আগে থেকেই কোনো শারীরিক সমস্যা ছিল—তা তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে। পুলিশকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, নিউজ নাইন
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


