ভিয়েতনামের ফুকুয়ক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নৌকার ক্রু এবং একজন সহকারী ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, হন মে রুত নগোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের কারণে নৌকাটি উল্টে যায়। এতে নৌকার সব যাত্রী ও ক্রু সদস্য পানিতে পড়ে যান।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ঘটনাটির সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম চলছে। ভারতীয় রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে ফুকুয়ক দ্বীপে যাচ্ছেন, যাতে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের জন্য কনস্যুলার সহায়তা নিশ্চিত করা যায়।
এদিকে ভারতীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভা মোবাইলস এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় তাদের কয়েকজন কর্মী ও চ্যানেল পার্টনারও ছিলেন। প্রতিষ্ঠানটি জানায়, তারা ভিয়েতনামে ভারতীয় দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করছে। দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলের লাভা মোবাইলসের মোট ১১০ জন পরিবেশক ও কর্মী একসঙ্গে ভ্রমণে গিয়েছিলেন।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভিয়েতনামে ভারতীয় মিশন হো চি মিন সিটি ও রাজধানী হ্যানয়ে দুটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে। দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য বা সহায়তার জন্য এসব কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ভারতীয় মিশন।
সূত্র: এনডিটিভি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



রংপুর দখলের কথা বললে আমরা কলকাতা দখল করব