আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’তে শুরু হয়েছে দলীয় শিল্প প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজা এবং শেলটেক গ্রুপ ও এনভয় লিগ্যাসির ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ। বিশিষ্ট শিল্পী ফারিহা জেবার কিউরেশনে এই প্রদর্শনীতে উঠে এসেছে শব্দের বাইরের নানা গল্প ও মানুষের অনুচ্চারিত জীবনের অভিজ্ঞতা।
শিল্পীদের তৈরি বিশেষ বই এবং বিভিন্ন সমকালীন শিল্পকর্মই এই প্রদর্শনীর মূল আকর্ষণ। চিত্রকলা, ড্রয়িং, কোলাজ, সেলাই, টেক্সটাইল এবং সংগৃহীত নানা উপকরণের সমন্বয়ে শিল্পীরা স্মৃতি, নিজস্ব পরিচয়, ঐতিহ্য, বিরহ ও আকাঙ্ক্ষার মতো অনুভূতিগুলোকে দৃশ্যমান রূপ দিয়েছেন। গ্যালারির বস্তুগত পরিসরে বই কেবল পাঠের মাধ্যম না হয়ে উঠে এসেছে এক অন্তরঙ্গ ও ব্যক্তিগত শিল্প-পরিসর হিসেবে।
প্রদর্শনীতে এক বছর ধরে কাজ করা ৬ জন মূল দলীয় শিল্পী—এষা আহমেদ, ফৌজিয়া মাহিন চৌধুরী, কাজমিন সামিয়া, সুলেখা চৌধুরী, সুমনা আক্তার ও সুরভী আক্তারের শিল্পকর্ম স্থান পেয়েছে। পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন আলিয়া কামাল, অর্পিতা সিংহ, মাহমুদা সিদ্দিকা, রাফিয়া মাহজাবীন, ঋতুপর্ণা সাহা ও ভেনিসা কায়সার।
প্রদর্শনীটি কোনো একক আখ্যানের মধ্যে সীমাবদ্ধ না থেকে জীবনের খণ্ডাংশ ও বৈচিত্র্যকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে, যা দর্শকদের নিজস্ব স্মৃতির সাথে নতুন করে সংযোগ ঘটাতে আমন্ত্রণ জানায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

