ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ সফল করুন: রেজাউল করিম

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ সফল করুন: রেজাউল করিম

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করতে রাজধানীর কারওয়ানবাজার, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ও সাতরাস্তা এলাকায় প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এ প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় নেতারা ব্যবসায়ী, শ্রমিক, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লংমার্চের কর্মসূচি ও ছয় দফা দাবির বিষয়ে প্রচারপত্র বিতরণ করেন।

বিজ্ঞাপন

লংমার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

এ সময় ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর জনগণের সামনে কয়েকটি অগ্রাধিকারমূলক কর্মসূচির কথা বলেছিল। এর মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সহজলভ্য ও সাশ্রয়ী করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি ছিল। কিন্তু এসব ক্ষেত্রে সরকার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি।

তিনি বলেন, এই লংমার্চ কোনো দলের লংমার্চ নয়। এই লংমার্চ দেশের মানুষের গণরায় বাস্তবায়নের দাবিতে। সেই লক্ষ্যেই আমরা জনগণের কাছে যাচ্ছি এবং আমাদের প্রচারপত্র বিতরণ করছি।

তিনি আগামী শনিবার সকাল ৭টায় ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত লংমার্চে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, তেজগাঁও দক্ষিণের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদ, সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ, নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া হারুন, সেক্রেটারি নুর উদ্দিন জাহিদ, শ্রমিক নেতা কামাল উদ্দিন রায়হান,আব্দুল হক, আলী আকবরসহ স্থানীয় নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন