শিগগিরই চার টুকরো হবে উত্তর প্রদেশÑ ভারতীয় মন্ত্রীর বিস্ফোরক দাবি

শিগগিরই চার টুকরো হবে উত্তর প্রদেশÑ ভারতীয় মন্ত্রীর বিস্ফোরক দাবি
উত্তর প্রদেশের মন্ত্রী ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) প্রধান ওম প্রকাশ রাজভর। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশকে শিগগিরই চারটি পৃথক রাজ্যে ভাগ করা হতে পারে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) প্রধান ওম প্রকাশ রাজভর। তিনি আরো বলেছেন, প্রস্তাবিত পূর্বাঞ্চল রাজ্য গঠিত হলে সেখানকার প্রথম মুখ্যমন্ত্রী হবেন রাজভর সম্প্রদায়ের একজন।

বিজ্ঞাপন

রোববার আম্বেদকর নগর জেলায় একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন রাজভর। তার দাবি, জাতিভিত্তিক শুমারি শেষ হওয়ার পর উত্তর প্রদেশ বিভাজনের প্রক্রিয়া শুরু করার বিষয়ে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন।

রাজভর বলেন, জাতিভিত্তিক শুমারি সম্পন্ন হয়ে গেলে রাজ্য ভাগ করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। জনগণনা শেষ হওয়ার পরই উত্তর প্রদেশ বিভক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি দাবি করেন।

প্রস্তাবিত বিভাজনের কাঠামো তুলে ধরে রাজভর বলেন, উত্তর প্রদেশ ভাগ হলে চারটি অঞ্চল—পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল বা মায়ান্যাঞ্চল, বুন্দেলখণ্ড এবং হাড়িত প্রদেশ—নিয়ে পৃথক রাজ্য গঠিত হবে। তার দাবি, পূর্বাঞ্চলে রাজভর সম্প্রদায়ের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। ফলে ওই অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রীও রাজভর সম্প্রদায়ের কেউ হবেন বলে মন্তব্য করেন তিনি।

সামনে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। এর আগে রাজভরের এমন বক্তব্য রাজ্য বিভাজনের পুরোনো বিতর্ককে আবারো সামনে নিয়ে এসেছে। ৪০৩ আসনের উত্তর প্রদেশ রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চল—এই চারটি বড় অঞ্চলে বিভক্ত হিসেবে পরিচিত।

রাজ্যের রাজধানী থেকে দূরত্ব, প্রশাসনিক জটিলতা এবং অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিভিন্ন সময় আঞ্চলিক রাজনৈতিক দলগুলো বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চলকে আলাদা রাজ্য করার দাবি জানিয়েছে।

উত্তর প্রদেশকে চার ভাগে বিভক্ত করার বিষয়ে অতীতে আনুষ্ঠানিক উদ্যোগও নেওয়া হয়েছিল। ২০১১ সালে মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সরকার রাজ্য বিধানসভায় উত্তর প্রদেশকে চারটি পৃথক রাজ্যে ভাগ করার একটি প্রস্তাব পাস করেছিল। তবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...