ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেস। শুক্রবার বিভিন্ন রাজ্যে দলীয় নেতাকর্মীরা নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল করেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। সেইসঙ্গে তার আমলে নেওয়া সিদ্ধান্ত ও ভোটার তালিকা পরিবর্তনের স্বাধীন তদন্তের দাবিও জানান তারা।
দিল্লি, আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড, ওড়িশা, হরিয়ানা, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, গোয়াসহ একাধিক রাজ্যে বিক্ষোভ হয়। বহু জায়গায় ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। কোথাও জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। আসামে লোকসভার কংগ্রেসের উপনেতা গৌরব গগৈসহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে আটক করা হয়।
কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ভোটাধিকার ও ভোটারদের সমতার ওপর আঘাত করা হচ্ছে। নির্বাচন কমিশনের ‘বিএলও অ্যাপে’ ‘মার্ক ভিআইপি’ নামে একটি বিশেষ ব্যবস্থার অভিযোগও তুলেছে দলটি । দিল্লিতে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, জ্ঞানেশ কুমারের নেওয়া সিদ্ধান্তগুলো প্রশ্নের মুখে পড়েছে এবং বিষয়টি নিয়ে স্বাধীন অডিট প্রয়োজন ।
কলকাতায় কংগ্রেসের মিছিল পুলিশ আটকে দিলে বিক্ষোভকারীরা জ্ঞানেশ কুমারের কুশপুতুল পোড়ান। পাটনা ও চণ্ডীগড়েও পুলিশ জলকামান ব্যবহার করে মিছিল থামায়। মণিপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর কাঁদানে গ্যাস ছোড়া হয়।
এই বিক্ষোভের পটভূমিতে রয়েছে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্য নিয়ে সাম্প্রতিক প্রতিবেদন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং ও বিবেক যোশী গত ১০ মাসে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন।
তবে নির্বাচন কমিশন এই আপত্তিগুলিকে প্রাতিষ্ঠানিক বিভেদের প্রমাণ হিসেবে দেখেনি। কমিশনের বক্তব্য, বহুসদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রশাসনিক পরামর্শ, অভ্যন্তরীণ মতামত ও কাজের বিষয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক; এসআইআরসহ চূড়ান্ত সিদ্ধান্তগুলো সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে।
কংগ্রেস সূত্রের খবর, জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বিরোধী দলগুলো সংসদে প্রস্তাব আনার বিষয়েও আলোচনা করছে। আগামী ২৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা।
সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


