বিধানসভা নির্বাচনের দিন উত্তপ্ত মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষ

আমার দেশ অনলাইন

বিধানসভা নির্বাচনের দিন উত্তপ্ত মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষ
আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর (মাঝে)। ছবি: সংগৃহীত।

বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে ভোটের দিন সকাল থেকেই উত্তেজনা ও সংঘর্ষ চলছিল। এই পরিস্থিতিতে শিবনগরে একটি ভোটকেন্দ্রের কাছাকাছি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি এলাকায় অশান্তি সৃষ্টি করেছে।

হুমায়ুন কবীর এলাকায় পৌঁছাতেই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। নওদা থানার অন্তর্গত শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে তৃণমূলের কর্মী-সমর্থকেরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। এর জবাবে হুমায়ুন কবীরও প্রতিবাদ জানিয়ে রাস্তায় বসে পড়েন।

বিজ্ঞাপন

পরে তিনি এলাকা ছাড়ার চেষ্টা করলে তার ওপর হামলার অভিযোগ ওঠে। তার দাবি, গাড়ির সামনে বাঁশ ফেলে পথ আটকানোর চেষ্টা করা হয়। পাশাপাশি তার কনভয়ের গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টের গাড়িতে ইট ছোঁড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ।

শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তিনি সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ তুলেছে।

উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন।

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রে আজ সকালে সিপিআই (এম) ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এর ফলে ২১৭ নম্বর বুথে ভোট দিতে গিয়ে সাধারণ ভোটাররা বাধার মুখে পড়েন।

পরবর্তীতে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে মাইকিং করে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয় এবং নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।

সূত্র: বিবিসি বাংলা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন