‘প্ল্যান বি’ সাজাচ্ছে ককরোচ পার্টি, মোদিবিরোধী আন্দোলনে নতুন কৌশল

‘প্ল্যান বি’ সাজাচ্ছে ককরোচ পার্টি, মোদিবিরোধী আন্দোলনে নতুন কৌশল
ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার কনট প্লেসের কাছে নির্ধারিত ‘তেরঙ্গা যাত্রা’ শুরুর আগমুহূর্তে এই পদক্ষেপ নেওয়া হয়। এতে সংগঠনটির পরিচিত তিন শীর্ষ নেতার কেউই এখন আন্দোলনের মাঠে নেই। তবে নেতৃত্বের এই সংকটেও প্রতিবাদ অব্যাহত রাখতে বিকল্প পরিকল্পনা তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছে সিজেপি।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচিটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। পার্কের প্রবেশপথ বন্ধ করে দেওয়ার পাশাপাশি মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ)। প্রস্তুত রাখা হয় জলকামানও। যানজট ও নিরাপত্তার কারণ দেখিয়ে এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারির কথা উল্লেখ করে দীপককে কর্মসূচিতে অংশ না নেওয়ার নোটিশ দিয়েছিল পুলিশ।

বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঝান্ডেওয়ালের আবাসস্থল থেকে বের হওয়ার পরপরই অভিজিৎকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। এ সময় নিজের আটকের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই অভিযানে আইসা সভাপতি নেহা বোরাসহ আরো কয়েকজন আন্দোলনকারীকেও আটক করা হয়।

অভিজিৎকে কর্মসূচিস্থলে যেতে বাধা দেওয়া হলে বিকল্প পরিকল্পনা সামনে আনা হবে বলে জানিয়েছিলেন সিজেপির মিডিয়া সমন্বয়ক বিজয় এম। আটকের কয়েক মিনিট আগে তিনি এ কথা জানান। তবে ‘প্ল্যান বি’-তে ঠিক কী রয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি সংগঠনটি।

এর আগে গত ১০ অক্টোবরের আন্দোলনের সময় দীপকেসহ অন্য নেতারা আটক হলে পূর্বে ধারণ করা ভিডিও বার্তার মাধ্যমে অজিনক্যা শিন্ডেকে সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবারও শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে আন্দোলন পরিচালনার বিকল্প ব্যবস্থা কতটা কার্যকর হয়, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সিজেপি। এর আগে আটক হওয়া সংগঠনের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বর্তমানে তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

শীর্ষ নেতৃত্বের একাধিক সদস্য আটক থাকায় এখন বড় চ্যালেঞ্জ কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ রাখা এবং আন্দোলনের গতি ধরে রাখা। এই পরিস্থিতিতে সিজেপির ঘোষিত ‘প্ল্যান বি’ কীভাবে বাস্তবায়িত হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সূত্র: ইন্ডিয়া টুডে

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন