মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক কেজরিওয়ালের

মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক কেজরিওয়ালের
ছবি: সংগৃহীত

ভারতের ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন উপলক্ষে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে। শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে এ ঘোষণা দেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ভারতবাসীর কাছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি অনলাইন আবেদনে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছিলেন। ইতোমধ্যে ২ লাখের বেশি মানুষ এতে স্বাক্ষর করেছেন। এসব স্বাক্ষরের মুদ্রিত কপি তিনি ৪ আগস্ট দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে ব্যক্তিগতভাবে জমা দেবেন।

বিজ্ঞাপন

কেজরিওয়াল আরো বলেন, ‘আমার সঙ্গে মাত্র ১০০ জন যাবেন, যারা পুলিশের লাঠিচার্জ বা কারাগারে যেতে ভয় করেন না।’

ই-২০ পেট্রোলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ই-২০ যদি সত্যিই নিরাপদ হয়, তাহলে সরকার আলোচনায় বসতে পারে। আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করব, তারাও তাদের প্রমাণ তুলে ধরতে পারবে।’

এদিকে, কেজরিওয়ালের অভিযোগ উড়িয়ে দিয়েছেন দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা। তিনি বলেন, ‘ই-২০ জ্বালানি ব্যবহারের কারণে ইঞ্জিন বিকল হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন অন্তত ১০০টি গাড়ির উদাহরণ কেজরিওয়ালকে দেখাতে হবে।’

পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোয় গাড়ির ইঞ্জিনের ক্ষতির পাশাপাশি মাইলেজ কমে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু বিষয়টা আরও গভীর বলে দাবি বিরোধীদের। মূলত ইথানল ব্যবসায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির দুই পুত্র থাকার কারণেই কেন্দ্রীয় সরকার এই নীতি নিয়ে আসতে চাইছে বলেও অভিযোগ তাদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন