দিল্লিতে ককরোচদের বিক্ষোভ ঘিরে আটক ৪০০, বাতিল ২৫০ ট্রেন

দিল্লিতে ককরোচদের বিক্ষোভ ঘিরে আটক ৪০০, বাতিল ২৫০ ট্রেন
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বিক্ষোভের আগেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। দিল্লিজুড়ে মোতায়েন করা হয়েছে ৪০ হাজারেরও বেশি পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। এমনকি, দিল্লির বিভিন্ন হোটেল, গেস্ট হাউস, হোস্টেলে ঘুরে ঘুরে কমবয়সিদের খুঁজছে পুলিশ। কেউ শনিবার যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দিতে এসেছেন বলে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বন্ধ রয়েছে একাধিক মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ। মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও। গুরুত্বপূর্ণ রাস্তা জুড়ে বসানো হয়েছে ব্যারিকেড। বিক্ষোভকারীদের যন্তর মন্তরে পৌঁছতে বাধা দেওয়াই মোদি প্রশাসনের মূল লক্ষ্য।

শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও প্রস্থানপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটের মতো গুরুত্বপূর্ণ স্টেশন।

পাশাপাশি, শনিবার সকাল ৪টা থেকে দুপুর ২টোর মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিলÑ এমন অন্য রাজ্যের ট্রেন এবং লোকাল ট্রেন মিলিয়ে ২৫০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

এ ছাড়া জনপথ ও কর্তব্য পথের সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

শুধু রাস্তা নয়, যাতায়াত এবং যোগাযোগব্যবস্থায়ও একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। যানজটের আশঙ্কায় দিল্লির একাধিক রাস্তায় যান চলাচলের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এত কড়াকড়ি সত্ত্বেও যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসতে নারাজ সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি জানিয়েছেন, বিধিনিষেধ থাকলেও দলের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভে যোগ দেবেন।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন