নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে ট্রেনের রুট পরিবর্তন ও বিকল্প পথে গন্তব্যে পৌঁছানো নিয়ে চরম বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) জানায়, ব্লু, ইয়েলো এবং ভায়োলেট লাইনসহ বিভিন্ন রুটের ১৬টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ (গেট) নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্ধ হওয়া স্টেশনগুলো হলো: লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখামবা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম।
রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েটে ইন্টারচেঞ্জ সুবিধা চালু থাকবে। তবে কবে নাগাদ সব স্টেশন খুলবে, তা জানায়নি ডিএমআরসি।
সকাল সাড়ে ১১টার পর এই বন্ধের কারণে যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। অনেক স্টেশনে ট্রেন থামলেও বাইরে বেরোনো যাচ্ছে না—পুলিশি ব্যারিকেড আটকে দিচ্ছে। মান্ডি হাউসে দীর্ঘ লাইন ও পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটেছে।
এক যাত্রী জানান, মান্ডি হাউস ও পাশের পাঁচটি স্টেশন বন্ধ থাকায় বাইক ট্যাক্সি বুক করে অফিসে যেতে হয়েছে তাঁকে। নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: এনডিটিভি।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


