ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতের পর উভয় পক্ষই নিজেদের এক্স হ্যান্ডলে বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
জয়শঙ্কর তাঁর পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টিই ছিল আলোচনার মূল প্রতিপাদ্য। অন্যদিকে রিয়াজ হামিদুল্লাহ জানান, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুফলের ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে—এ কথা তিনি বৈঠকে তুলে ধরেছেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এদিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে রিয়াজ হামিদুল্লাহর আরেকটি সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
গত বছরের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। ভারতে দায়িত্ব নেওয়ার পর এটাই মন্ত্রী পর্যায়ে তাঁর প্রথম সাক্ষাৎ। এর আগে তিনি গত আগস্টে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে সংক্ষিপ্ত সফরে ভারতে যেতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে ৮ এপ্রিল তাঁর দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

