অনন্ত আম্বানির ব্রিটিশ অধ্যাপক পদ নিয়ে তীব্র প্রতিক্রিয়া

অনন্ত আম্বানির ব্রিটিশ অধ্যাপক পদ নিয়ে তীব্র প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে ও তেল-গ্যাস ব্যবসার উত্তরাধিকারী অনন্ত আম্বানিকে সম্মানসূচক অধ্যাপক বা ‘প্রফেসর অব প্র্যাকটিস ইন সাসটেইনেবিলিটি’ হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়। সংরক্ষণ, জীববৈচিত্র্য, প্রাণীকল্যাণ ও পরিবেশ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

তবে তার নিয়োগ পরিবেশবিদ, সংরক্ষণকর্মী ও বিশ্ববিদ্যালয়ের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। অনন্ত আম্বানি গুজরাটে ভান্তারা নামে এক হাজার ৪০০ হেক্টর আয়তনের একটি চিড়িয়াখানা গড়ে তুলেছেন, যেখানে বিপুলসংখ্যক প্রাণী রয়েছে।

বিজ্ঞাপন

সেখানে ২০০টি সিংহ, ২৫০টি চিতাবাঘ ও ৯০০টি কুমিরসহ প্রায় এক লাখ ৫০ হাজার প্রাণী রয়েছে।

কিছু বিপন্ন প্রাণী কীভাবে সেখানে এসেছে, তা নিয়ে অতীতে সংরক্ষণবাদীরা প্রশ্ন তুললেও ভান্তারাকে কোনো অনিয়মে দোষী সাব্যস্ত করা হয়নি।

ভারতের পরিবেশচিন্তাবিদ রামচন্দ্র গুহ এ নিয়োগকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করে বলেন, পরিবেশ ও টেকসই উন্নয়নে দীর্ঘদিন কাজ করা আরো অনেক যোগ্য ব্যক্তিকে এ সম্মানের জন্য বিবেচনা করা যেত। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনও পরিবেশগত উদ্বেগের কথা জানিয়েছে।

এদিকে ইউনিভার্সিটি অব সাসেক্সের অধ্যাপক লাইলা মেহতা আশঙ্কা প্রকাশ করেছেন, সরকারি অর্থায়ন কমে যাওয়ায় এমন এক বাস্তব ঝুঁকি তৈরি হয়েছে, যেখানে ধনী ব্যক্তি ও করপোরেট অর্থ বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে।

জলবায়ু সংকটের সময়ে তেল-গ্যাস খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিকে এমন একাডেমিক পদ দেওয়ার সমালোচনা করেছে তেলবিরোধী গবেষণা সংগঠন অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল ।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন