ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নির্মিত ট্রেনটি হরিয়ানার জিন্দ ও সোনিপতের মধ্যকার ৮৯ কিলোমিটার রুটে চলাচল করবে। উত্তর রেলওয়ের দিল্লি ডিভিশনের আওতাধীন এই রুটে ট্রেনটি চালুর মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর রেল প্রযুক্তি ব্যবহারে জার্মানি, জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর তালিকায় যুক্ত হলো ভারত। সম্প্রতি সুইজারল্যান্ডও হাইড্রোজেনচালিত একটি ট্রেন উন্মোচন করেছে, তবে সেটি ন্যারো গেজ রেলপথের জন্য নির্মিত।
ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পটির পরীক্ষামূলক রুট হিসেবে হরিয়ানার জিন্দ-সোনিপত সেকশন নির্বাচন করা হয়েছে। ট্রেন পরিচালনার জন্য জিন্দে দেশীয় প্রযুক্তিতে একটি হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সংকুচিত হাইড্রোজেন গ্যাস সংরক্ষণ ও সরবরাহের প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন।
ট্রেনটিতে দুটি হাইড্রোজেনচালিত পাওয়ার কার এবং আটটি ট্রেলার কোচ রয়েছে। প্রতিটি পাওয়ার কারে ফুয়েল সেল, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ও হাইড্রোজেন সংরক্ষণ সিলিন্ডার সংযোজন করা হয়েছে। এই তিনটি ব্যবস্থা সমন্বিতভাবে ট্রেনের ট্র্যাকশন শক্তি জোগায় এবং বিভিন্ন পরিচালনাগত পরিস্থিতিতেও নিরবচ্ছিন্নভাবে চলাচল নিশ্চিত করে। ট্রেনের দুই প্রান্তে থাকা প্রতিটি পাওয়ার কারের উৎপাদনক্ষমতা ১২০০ কিলোওয়াট বা প্রায় ১ হাজার ৬০০ অশ্বশক্তি। সম্মিলিতভাবে এগুলোর সাহায্যে ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


