চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিলেন যাত্রী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিলেন যাত্রী
বিমানের জরুরি নির্গমন দরজা খুলে নিচে লাফ দেন যাত্রী। ছবি সংগৃহীত

ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ে দিয়ে ধীরে চলার সময় এয়ার অ্যারাবিয়ার শারজাহ-চেন্নাই ফ্লাইটে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। এক পুরুষ যাত্রী হঠাৎ বিমানের জরুরি নির্গমন দরজা খুলে নিচে লাফ দিলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি মূল রানওয়ে থেকে বেরিয়ে ট্যাক্সিওয়েতে ধীরে এগোচ্ছিল, তখনই ওই যাত্রী আকস্মিকভাবে দরজা খুলে বাইরে চলে যান। এর সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে এবং দ্রুত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, যাত্রীটি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। যাত্রাপথে তিনি বমিভাবের অভিযোগ করেছিলেন এবং বিমানের ভেতর অন্তত দুবার বমি করেছেন বলেও জানা গেছে। অসুস্থতাজনিত বিভ্রান্তি থেকেই তিনি এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

চেন্নাই বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনাটি মূল রানওয়েতে নয়, বরং বিমান ধীরে চলার সময় ট্যাক্সিওয়েতে ঘটেছে। এতে কোনো প্রাণহানি, যাত্রী বা ক্রুদের আহত হওয়া কিংবা বিমানের ক্ষয়ক্ষতি হয়নি।

তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাত ৩টা ২৩ মিনিট থেকে ৪টা ২৩ মিনিট পর্যন্ত প্রধান রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় অন্যান্য ফ্লাইট দ্বিতীয় রানওয়ে ব্যবহার করে পরিচালিত হয়।

যাত্রীর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যদিও অনির্ধারিত সূত্রে জানা গেছে তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই এলাকার বাসিন্দা হতে পারেন।

ঘটনার পর বিমান নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই অস্বাভাবিক ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন