আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমেরিকান শিখ নেতাকে হত্যাচেষ্টায় স্বীকারোক্তি ভারতীয় নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকান শিখ নেতাকে হত্যাচেষ্টায় স্বীকারোক্তি ভারতীয় নাগরিকের
বামে শিখ নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুন এবং ডানে অভিযুক্ত নিখিল গুপ্ত স্বীকার করেন। ছবি: সংগৃহীত।

আমেরিকার নাগরিক এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে স্বীকারোক্তি দিয়েছেন এক ভারতীয় নাগরিক। বিচারক সারাহ নেটবার্নের আদালতে শুক্রবার ৫৪ বছর বয়সি নিখিল গুপ্ত স্বীকার করেন, ২০২৩ সালে নিউ ইয়র্কে বসবাসকারী শিখ নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার জন্য তিনি এক ঘাতককে ভাড়া করেছিলেন।

বিজ্ঞাপন

পান্নুন আমেরিকাভিত্তিক অধিকার সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা। সংগঠনটি ভারতের অধীন পাঞ্জাব প্রদেশকে বিচ্ছিন্ন করে সেখানে ‘খালিস্তান’ নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচার চালিয়ে আসছে। শিখ ধর্মাবলম্বী জনগোষ্ঠীর বৃহৎ অংশই প্রদেশটিতে বাস করে।

আদালতে নিখিল গুপ্ত তার জবানবন্দিতে বলেন, পান্নুনকে হত্যার জন্য ঘাতককে ১৫ হাজার ডলার দিয়েছিলেন তিনি। তবে গুপ্ত যাকে ঘাতক মনে করে অর্থ দিয়েছিলেন, তিনি প্রকৃতপক্ষে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত।

আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহকারী পরিচালক রোমান রোজাভস্কি আদালতে জানান, নিজেদের মতপ্রকাশের স্বাধীনতা চর্চার জন্যই পান্নুন লক্ষ্যবস্তু হয়েছেন।

২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের প্রাগ বিমানবন্দরে নিখিল গুপ্তকে আটক করা হয়। পরে তাকে বিচারের জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়। আমেরিকার অ্যাটর্নির দপ্তরের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, শিখ নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার জন্য নিখিল গুপ্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী ২৯ মে তার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

আমেরিকার আইনের ধারা অনুসারে এ অভিযোগে তিনি ২০ থেকে ২৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

আমেরিকা ও কানাডার পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, দেশ দুটির ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ অভিযোগ নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে উত্তেজনার সম্পর্ক সৃষ্টি করেছে।

এফবিআইয়ের নিউ ইয়র্ক অফিসের প্রধান জেমস সি বার্নাকেল জুনিয়র বলেন, নিখিল গুপ্ত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের সঙ্গে কাজ করতেন, যিনি তাকে পান্নুনকে হত্যার নির্দেশনা দিয়েছিলেন।

আমেরিকার কৌঁসুলিরা অভিযোগ করেন, বর্তমানে পলাতক বিকাশ পুরো পরিকল্পনা সাজান এবং গুপ্তকে ঘাতক ভাড়া করার নির্দেশনা দেন। তবে ভারতীয় কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে বলছেন, এ ধরনের অভিযান নয়াদিল্লির নীতির পরিপন্থী।

শুক্রবারের শুনানিতে অন্তত ২০-৩০ শিখরাষ্ট্র সমর্থক খালিস্তানের পতাকা হাতে উপস্থিত ছিলেন। বিচারকের আদেশের পর অনেকেই বিজয়ের স্লোগান দেন এবং আদালত চত্বরে প্রার্থনা করেন।

নয়াদিল্লি গুরপাতওয়ান্ত সিং পান্নুনকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে। আদালতের রায় শোনার পর বার্তা সংস্থা এপিকে টেলিফোনে সাক্ষাৎকারে তিনি বলেন, যদি গুলির মুখোমুখিও হতে হয়, তবুও তিনি তার কার্যক্রম অব্যাহত রাখবেন।

নিজেকে ধর্মপ্রাণ শিখ ও মানবাধিকারকর্মী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তিনি এমন পাঞ্জাবের প্রচার চালাচ্ছেন, যেখানে সব ধর্মের মানুষ সমানাধিকার পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন