ভারতের দিল্লিসহ বিভিন্ন স্থানে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নিরাপত্তা বাহিনীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে কিছু নিউজ পোর্টালসহ সামাজিক মাধ্যম এক্সের একাধিক অ্যাকাউন্ট হোল্ডারকে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। নোটিসে সংশ্লিষ্ট পোস্টদাতাদের পরিচয় ও তথ্য জানতে চাওয়া হয়েছে। তবে ঠিক কতটি অ্যাকাউন্টে নোটিস দেওয়া হয়েছে, তা এখনো জানানো হয়নি।
পুলিশ জানায়, বিক্ষোভ চলাকালীন ও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট, ভিডিও ও মন্তব্য পর্যালোচনা করে আইন লঙ্ঘন এবং জনশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, আন্দোলনের সময় প্রায় ৪৫০টির বেশি অ্যাকাউন্ট থেকে ভুয়া তথ্য, গুজব কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক ভিডিও ছড়ানো হয়েছে।
এদিকে, দুই দিন আগে বিভিন্ন সামাজিক মাধ্যমকে দেশটির প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয় দিল্লি পুলিশ । পুলিশের দাবি, তাদের সাইবার ও সোশ্যাল মিডিয়া নজরদারি দল নিয়মিত অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং আইনবিরোধী কনটেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি আপত্তিকর পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


