অচল দিল্লি, নজিরবিহীন ধরপাকড়, ধ্রুব রাঠি-অভিজিৎসহ আটক ১০০০

৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

৪৫ মেট্রো স্টেশন বন্ধ

সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল

বিভিন্ন এলাকায় ১৪৩ ধারা

ইন্টারনেট পরিষেবা বন্ধ

অচল দিল্লি, নজিরবিহীন ধরপাকড়, ধ্রুব রাঠি-অভিজিৎসহ আটক ১০০০
সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক করে পুলিশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন ধরপাকড় চালাচ্ছে পুলিশ। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতির সময় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকেসহ সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এই বিক্ষোভকে কেন্দ্র করে কার্যত অচল হয়ে পড়েছে নয়াদিল্লি। সীমান্তবর্তী সব রাজ্য থেকে তরুণদের দিল্লিতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে শনিবার এই কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন।

এনডিটিভি জানায়, মুম্বই থেকে বিমান নিয়ে শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছান সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকে। বিমানটি সকাল ১০টা ১৯ মিনিটে নামার সঙ্গে সঙ্গেই সেখানে আগে থেকেই প্রস্তুত থাকা বিপুলসংখ্যক পুলিশ ও নারী পুলিশ কর্মী তাদের ঘিরে ফেলেন।

বিমান থেকে নামার আগেই সিজেপি নেতারা ইনস্টাগ্রামে লাইভ শুরু করেন। সেই লাইভ ভিডিওতে পুলিশ ও নেতাদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা দেখা যায়। অভিজিৎ দীপকে লাইভে বলেন, ‘গ্রেপ্তার হব জেনেই আমরা দিল্লিতে এসেছি। ভয় পাই না।’ পরে পুলিশ তাকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে। দিল্লি পুলিশও এই আটকের কথা স্বীকার করেছে।

দিল্লি পুলিশের কড়া পদক্ষেপের নিন্দা জানিয়ে সিজেপি এক বিবৃতিতে বলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদ করতে যন্তর মন্তরে পৌঁছানোর আগেই নেতাদের আটকে দেওয়া সরকারের পূর্বপরিকল্পিত পদক্ষেপ। এটি নাগরিকদের চলাফেরার স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। সংগঠনটি অবিলম্বে তাদের নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

এর আগে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতির সময় গুরুগ্রামের বাসা থেকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। দিল্লি না যাওয়ার অনুরোধ অমান্য করায় তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া, আইনজীবীদের একটি প্রতিবাদ মিছিলে যোগ দিতে যাওয়ার সময় সিজেপির আইনি সহায়তাকারী রত্না সিংহকেও সকালে আটক করা হয়। সব মিলিয়ে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে প্রায় ১ হাজার মানুষকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

অচল দিল্লি: মেট্রো বন্ধ, ট্রেন বাতিল, ১৪৩ ধারা জারি

সিজেপির পূর্বঘোষিত কর্মসূচি প্রতিহত করতে শুক্রবার রাত থেকেই কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় রাজধানী দিল্লি। রাজ্যটিতে প্রায় ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। দিল্লির অন্তত ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। একাধিক এলাকায় জারি করা হয়েছে ১৪৩ ধারা (নিষেধাজ্ঞা)। অনেক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দিল্লিগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় পুলিশের পক্ষ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল রাজধানী দিল্লির শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...