বারবার ধর্ম পরিবর্তন করে প্রতারণা, যুবকের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)

বারবার ধর্ম পরিবর্তন করে প্রতারণা, যুবকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ ঘটনায় দুই সন্তান নিয়ে বিপাকে পড়েছেন প্রথম স্ত্রী। প্রতারণার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি।

অভিযুক্ত যুবকের নাম অর্জুন ধর হীরা ওরফে হীরা ধর (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের মৃত জয়কৃষ্ণ ধরের ছেলে।

ভুক্তভোগী শিপুল আক্তার খানম (২৭) মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা। বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন শুভ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ জুলাই নেত্রকোনা সদর আমলি আদালতে মামলাটি করেন শিপুল খানম। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অর্জুন ধরের মা কৃষ্ণা রানী ঘোষকেও (৫৮) আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নেত্রকোনা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জামান আলী বলেন, ‘মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অর্জুন ধর হীরা একসময় মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুরে বসবাস করতেন। তখন একই এলাকার শিপুল খানমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৪ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মো. হীরা মিয়া এবং শিপুল আক্তারকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অভিযোগে বলা হয়, ২০২২ সালে তিনি তার মা কৃষ্ণা রানী ঘোষের প্ররোচনায় পুনরায় হিন্দু ধর্মে ফিরে যান এবং পার্শ্ববর্তী এলাকার এক হিন্দু তরুণীকে গোপনে বিয়ে করেন। বিষয়টি জানতে চাইলে হীরা যৌতুকের দাবিতে শিপুল খানমের ওপর নির্যাতন শুরু করেন।

শিপুল খানম বলেন, আমার সন্তানদের বাবার পরিচয় নিয়ে শঙ্কিত। সমাজে তারা কী পরিচয়ে বড় হবে?

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অর্জুন ধর হীরা বলেন, ‘আমি অনেক আগেই শিপুলকে ডিভোর্স দিয়েছি। এরপর আমি কী করব, সেটা তার জানার বিষয় নয়।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন