ভারতের দ্বিচারিতা: গুগলের জন্য বিশাল ভর্তুকি, স্থানীয়দের জন্য সীমিত পানি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভারতের দ্বিচারিতা: গুগলের জন্য বিশাল ভর্তুকি, স্থানীয়দের জন্য সীমিত পানি

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার সম্প্রসারণ ঘিরে বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বড় ধরনের ভর্তুকি ও সুবিধা দিচ্ছে সরকার। তবে একই সঙ্গে পানি সংকট, কৃষিজমি হারানো এবং পরিবেশগত চাপ নিয়ে স্থানীয়দের উদ্বেগ ক্রমেই বাড়ছে।

মার্কিন প্রযুক্তি বহুজাতিক প্রতিষ্ঠান গুগল গত বছর ভারতের উপকূলীয় শহর বিশাখাপত্তনমে এআই ডেটা সেন্টার প্রকল্প শুরু করলে অন্ধ্রপ্রদেশ সরকার শত শত কোটি ডলারের প্রণোদনা দিয়ে প্রতিষ্ঠানটিকে স্বাগত জানায়।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের এআই ডেটা সেন্টার সার্ভার ঠান্ডা রাখতে বিপুল পরিমাণ পানি ব্যবহার করে, যা এমন একটি দেশে উদ্বেগ তৈরি করছে যেখানে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশাখাপত্তনমের অনেক কৃষককে তাদের বহু বছরের চাষের জমি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “গুগল আসায় আমরা কীভাবে খুশি হতে পারি? আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে যাব।”

প্রায় ১৫ বিলিয়ন ডলারের এই প্রকল্প ঘিরে বহু পরিবার উচ্ছেদের মুখে পড়েছে বলে অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হলেও অনেকেই আশঙ্কা করছেন, দীর্ঘমেয়াদে এটি তাদের জীবিকা ও কৃষি নির্ভরতা নষ্ট করে দেবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশ সরকার গুগলকে পানির ব্যবহারে ১০ বছরের জন্য ২৫ শতাংশ ছাড়, জমিতে ২৫ শতাংশ ছাড়, বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে ভর্তুকি, কর রেয়াত এবং বিদ্যুৎ খরচে সুবিধা দিচ্ছে।

ডব্লিউএসজে আরও উল্লেখ করেছে, উন্নত দেশগুলোতে ডেটা সেন্টার প্রকল্পগুলো ইতোমধ্যে পরিবেশ ও সম্পদ ব্যবহারের কারণে সমালোচনার মুখে পড়েছে, এবং এখন একই ধরনের বিতর্ক ভারতসহ অন্যান্য উন্নয়নশীল দেশেও ছড়িয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, দুর্বল অবকাঠামো এবং পানির ঘাটতির কারণে উন্নয়নশীল দেশগুলোতে এমন প্রকল্পের দীর্ঘমেয়াদি প্রভাব আরও গুরুতর হতে পারে।

অন্যদিকে, গুগল বলেছে, তারা ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী নিজেদের ব্যবহৃত পানির চেয়ে বেশি বিশুদ্ধ পানি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ করছে, যার মধ্যে জলাশয় পুনরুদ্ধার ও কৃষি প্রযুক্তি উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...