হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে নতুন কোনো তথ্য বা হালনাগাদ (আপডেট) নেই বলে জানিয়েছে ভারত। শুক্রবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) অনুরোধের সর্বশেষ অগ্রগতি কী—তা জানতে চান। জবাবে রণধীর জয়সোয়াল সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, প্রত্যর্পণ সংক্রান্ত এ বিষয়ে তাদের কাছে নতুন কোনো আপডেট নেই। এ প্রসঙ্গে আগের ব্রিফিংগুলোতে দেওয়া ভারতের অবস্থানের কথা উল্লেখ করে তিনি পুরোনো বক্তব্য অনুসরণ করার অনুরোধ জানান।

বিজ্ঞাপন

একই ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ভারতীয় এই মুখপাত্র। বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

তবে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে রণধীর জয়সোয়াল বলেন, আমাদের অবস্থান বরাবরের মতোই অপরিবর্তিত রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যা দুই দেশের অভিন্ন ইতিহাস ও জনগণের গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।

এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিয়েও কথা বলেন রণধীর জয়সোয়াল। গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, ভারতের নিজস্ব স্বার্থ অক্ষুণ্ণ রেখেই যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, আইসিজের রায় নজরে নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...