বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেছেন, একটি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও চিকিৎসা ব্যবস্থাপনা নির্ভর করে চিকিৎসক ও নার্সদের ওপর। মুমূর্ষু রোগীদের সেবায় প্রশিক্ষিত ও দক্ষ নার্সিং সেবার প্রয়োজনীয়তা অপরিহার্য। এখানে নার্সিং সেবার প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। রোগীদের প্রয়োজনেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখা হবে। বিএমইউতে ইভিনিং ও নাইট শিফটে ওটি (অপারেশন থিয়েটার) চালুরও পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
শনিবার বিএমইউর সি ব্লকের ১০ম তলায় ১১ শয্যাবিশিষ্ট আইসিইউ-১-এর উদ্বোধন ও নার্সদের মাঝে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
অধ্যাপক ডা. সামাদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে ৫টি কোর্সের ৮১ জন নার্সের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সভাপতি রোটারিয়ান খালিদ হাসান উপস্থিত ছিলেন।
অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাসনুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ডা. মন্তোষ কুমার মণ্ডল, অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক ডা. রেফায়েত উল্লাহ সিদ্দিক, সহকারী অধ্যাপক ডা. তাজ উদ্দিন আহমেদ প্রমুখসহ উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রী, নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্বের আপডেটেড টেকনোলজিসমৃদ্ধ সব ধরনের যন্ত্রপাতি প্রতিটি বিভাগে যুক্ত করার কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। আর ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণের মেয়াদ আরও দীর্ঘ এবং আধুনিকায়নের বিষয়ে বিএমইউ প্রশাসন থেকে সব রকমের সহায়তা প্রদান করা হবে। তখন এ ধরনের আরও বেশি সংখ্যক প্রশিক্ষিত নার্সের প্রয়োজন হবে।
উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নার্সিং পেশা বিশ্বে একটি হাইস্কিলড ও নোবেল প্রফেশন। জ্ঞান, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নার্সরা যাতে রোগীদের সেবায় সবটুকু দিতে পারে, সে লক্ষ্যে বিএমইউ প্রশাসন কাজ করে যাচ্ছে। বিদেশে আমি দেখেছি, যেমন অস্ট্রেলিয়ায় বলতে গেলে নার্সরাই হসপিটাল চালায়। চিকিৎসকরা যে নির্দেশনা দেন, নার্সবৃন্দ তা বাস্তবায়ন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


