জম্মু-কাশ্মীরে আকস্মিক বন্যায় নারী-শিশুসহ অন্তত ২৬ জনের মৃত্যু

জম্মু-কাশ্মীরে আকস্মিক বন্যায় নারী-শিশুসহ অন্তত ২৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত।

জম্মু ও কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ, কাঠুয়া, ডোডা, বাদগাম ও কুলগামসহ বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ ও মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শত শত বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার জন্য নতুন করে সতর্কতা জারি করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

শনিবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে পীর পাঞ্জাল পার্বত্য অঞ্চলের নদী ও ঝরনাগুলোর পানি উপচে পড়ে এই বিপর্যয় দেখা দেয়। রাজৌরি শহরের কেন্দ্রস্থলের দরহালি নদী বিপদসীমা অতিক্রম করায় প্রতিরক্ষামূলক বাঁধ ভেঙে বন্যার পানি আবাসিক এলাকায় ঢুকে পড়ে মারাত্মক ক্ষয়ক্ষতি করেছে। এতে রাজৌরি ছাড়াও থানা মান্ডি, দরহাল ও মঞ্জাকোটের মতো প্রত্যন্ত এলাকায় ভূমিধস ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বুদগামের বেরওয়াহতে একটি শপিং কমপ্লেক্স ধসে পড়লেও পূর্বপ্রস্তুতি হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

ভারী বৃষ্টির কারণে কাশ্মীরকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী তিন দিন ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস বহাল রাখায় পুরো অঞ্চলে উচ্চ সতর্কতা জারি রয়েছে।

সূত্র: বিবিসি, আনাদোলু।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন