শিক্ষার্থীদের আন্দোলন থেকে দূরে থাকতে বলল দিল্লির দুই বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আন্দোলন থেকে দূরে থাকতে বলল দিল্লির দুই বিশ্ববিদ্যালয়

ভারতের পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি (সিজেপি) এখন দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় শিক্ষার্থী আন্দোলনে পরিণত হয়েছে। আন্দোলনরত সিজেপি’র শিক্ষার্থীরা ভারতজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের যোগদানের আহ্বান জানিয়েয়েছেন। এদিকে, ভারতের কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এসব সমাবেশে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) তার ছাত্রছাত্রী এবং শিক্ষাবিদদের দিল্লির যন্তর মন্তর বা তার আশেপাশে আয়োজিত যেকোনো সমাবেশে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের একই কথা জানিয়েছিল।

জেএনইউ-এর পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানানো হয়েছে , ‘জেএনইউ-এর শিক্ষাঙ্গনের সকল সদস্যকে দায়িত্বশীল আচরণ করতে এবং নিজেদের ব্যক্তিগত সুরক্ষাকে অগ্রাধিকার দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। গণবিক্ষোভ সংক্রান্ত ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আপনাদের নয়া দিল্লির যন্তর মন্তর বা তার আশেপাশে কোনো ধরনের সমাবেশে যোগদান করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’

বিশ্ববিদ্যালয় আরো জানিয়েছে, ‘দায়িত্বের সঙ্গে সামাজিক মাধ্যম ব্যবহার করুন। এর লঙ্ঘন প্রযোজ্য আইন এবং বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কারণ হতে পারে। এছাড়াও আপনাদের কাছ থেকে শিক্ষাগত দায়িত্ববোধ এবং দায়িত্বশীল নাগরিকত্বের মূল্যবোধ মেনে চলার প্রত্যাশা রয়েছে।’

এর আগে, দিল্লি বিশ্ববিদ্যালয় সেখানকার ছাত্রছাত্রীদের যন্তর মন্তরের বিক্ষোভে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলেছিল। এই নির্দেশের পর, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন যে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ‘হুমকি’ দিতে পারে না।

সূত্র: বিবিসি বাংলা।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন