ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরকে প্রতিবাদ-বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাতিল করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে সিজেপি প্রশ্ন করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যন্তর মন্তরকে ভয় পাচ্ছেন কেন? দলটির বক্তব্য, যন্তর মন্তর ভারতের জনগণের জায়গা। এটি প্রতিবাদস্থল হিসেবে বাতিল করার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণ, সংশ্লিষ্ট পক্ষ কিংবা কোনো সংগঠনের সঙ্গে আলোচনা করেছে কি না, সে প্রশ্নও তুলেছে তারা।
বিবৃতিতে সিজেপি বলেছে, জনগণের যন্তর মন্তরকে যেভাবে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, তাতে শিগগিরই প্রধানমন্ত্রী ভারতে গণতন্ত্রকেও বাতিল করে দেবেন এমন আশঙ্কা তৈরি হচ্ছে। দলটির মতে, এই সিদ্ধান্ত সেই দিকেরই একটি পদক্ষেপ।
সিজেপি আরও বলেছে, সরকারের এ ধরনের একতরফা সিদ্ধান্ত তারা মেনে নেবে না। তাদের দাবি, এটি মানুষের মৌলিক প্রতিবাদের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর আঘাত।
বিবৃতির শেষাংশে সিজেপি হিন্দিতে বলেছে, ‘এখন পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠছে।’ অর্থাৎ, প্রতিবাদের নির্দিষ্ট স্থান সীমিত করা হলেও মানুষের প্রতিবাদ থামানো যাবে না এমন বার্তাই দিতে চেয়েছে দলটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


