ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করে মহান রবের সন্তুষ্টি অর্জনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
তিনি বলেন, দেশে ইসলামকে বিজয়ের সবচেয়ে উপযুক্ত এই সময়ে সম্মানিত মুফাসসিরদের সর্বোচ্চ প্রজ্ঞার সঙ্গে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
সোমবার বিকেলে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা বিভাগের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হালিম বলেন, সম্মানিত ওলামাদের ছোটখাটো সব ধরনের মতানৈক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে ড. খলিলুর রহমান মাদানী বলেন, আল-কুরআনের সুমহান শিক্ষা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হবে সম্মানিত মুফাসসিরদের একমাত্র উদ্দেশ্য।
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান আনসারীর সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপি, ড. মাওলানা আব্দুস সামাদ, ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ফখরুদ্দিন, মুফতি মাওলানা আলী হাসান ওসামা, মাওলানা নাসির উদ্দিন হেলালি ও অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেনসহ দেশবরেণ্য মুফাসসিরে কেরাম বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


