গণমাধ্যম আছে বলেই আজ আমরা এখানে: তথ্যমন্ত্রী

গণমাধ্যম আছে বলেই আজ আমরা এখানে: তথ্যমন্ত্রী
ডিআরইউ’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। ছবি: আমার দেশ

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং সরকার একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, “আজকে আমরা যেখানে আছি, গণমাধ্যম আছে বলেই সেখানে আছি। গণমাধ্যম সবসময় যে ভূমিকা নিয়েছে, তার কারণে আজকে আমাদের যত অর্জন। আমরা যেখানে আছি, বাংলাদেশের গণতন্ত্র আজ যে পর্যায়ে আছে, এর সমান সমান ক্রেডিট গণমাধ্যমের।”

তিনি বলেন, “ইনশাআল্লাহ আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন এবং আমাদের তরফ থেকে কোনো ধরনের মিডিয়া বা আপনাদের সাংবাদিকতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নাই।”

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত অর্থ ৬ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে ডিআরইউর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন