রাজধানীতে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রম শুরু হয়েছে। ডিসিসিআই অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে রোববার সকালে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। পরে ঢাকা চেম্বার এবং ডিএসসিসি যৌথভাবে আয়োজিত স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা শীর্ষক মতবিনিময় সভা হয়। সভায় ট্রেড লাইসেন্স নাবয়ন ফি কমানো, অটোমেশনের আওতায় হয়রানিমুক্ত নবায়ন সেবা নিশ্চিত করার দাবি জানান সেবাগ্রহীতারা। একই সঙ্গে যানজট ও জলাবদ্ধতা নিরসন, অটোরিক্সা চলাচলে রেজিস্ট্রেশনের মাধ্যমে নম্বরপ্লেট দেওয়া, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
ডিসিসিআইর সদস্যদের অধিকতর উন্নত সেবা দেওয়ার পাশাপাশি দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সদস্যদের ব্যবসা পরিচালন কার্যক্রম আরো সহজ করার লক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সপ্তাহব্যাপী এই সেবা কার্যক্রম আগামী ২০ আগস্ট শেষ হবে।
রোববার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. মাসুদ করিম।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ তৈরিতে ট্রেড লাইসেন্সসহ অন্য সব সেবাপ্রাপ্তিতে সময়ক্ষেপণ ও হয়রানি রোধে ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগ, একাধিক বছরের জন্য নবায়ন কার্যক্রম প্রবর্তনের ওপর জোরারোপ করেন তাসকীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, নতুন ট্রেড লাইসেন্স ও নবায়নের জন্য নির্ধারিত ফিতে এনবিআরের চার্জ হ্রাস করা গেলে, ট্রেড লাইসেন্স ফি আরো কমানো সম্ভব বলে তিনি মতপ্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব হলে, এদিকে যেমন সিটি কর্পোরেশনের আয় বাড়বে, পাশাপাশি জনগণকে উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি ব্যবসায়ীদের নতুন ট্রেড লাইসেন্স সংগ্রহ ও পুরোনো লাইসেন্স নবায়নের মাধ্যমে বৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন।
হয়রানি মুক্ত ট্রেড লাইসেন্স সেবা নিশ্চিতের জন্য ডিজিটাল ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, এ ক্ষেত্রে ওয়ান-স্টপ সার্ভিস চালুর বিষয়টি বিচেনাধীন রয়েছে। শহরের যানজট নিরসনে বিদ্যুচ্চালিত অটোরিকশা ও হকারদের রেজিস্ট্রেশনের আওতায় আসার বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় ডিসিসিআইর পরিচালক মোহাম্মদ জমশের আলী, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি আব্দুস সালাম, সাবেক সহসভাপতি হোসেন এ সিকদার, মো. আলাউদ্দিন মালিক, সাবেক পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান, দীন মোহাম্মদ, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো প্রমুখ সক্রিয়ভাবে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা চেম্বারের সদস্যভুক্ত ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ডিএসসিসির প্রশাসকের কাছ হতে নবায়ন করা ট্রেড লাইসেন্সের কপি গ্রহণ করেন। ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

