রাজধানীর শেওড়াপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সানজিদা আক্তারকে (২০) মারধরে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সানজিদার স্বামী শুকরান এস এম শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সানজিদার বাবা আনোয়ার হোসেনের অভিযোগ বলা হয়, মেয়ে সানজিদাতে হত্যা করে তার জামাতা শান্ত নিজেই কুমিল্লায় থাকা শ্বশুরকে ফোন করে তার মৃত্যুর খবর দেন। পরে সানজিদার স্বজনরা ঢাকার বাসায় গিয়ে দেখতে পান, শান্ত নিজেই সানজিদার লাশ গোসল করাচ্ছেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা শান্তকে গ্রেপ্তার করে।
রোববার রাতে পূর্ব শেওড়াপাড়ার অরবিট গলির ৯৫১/১ নম্বর বাসায় এমন ঘটনায় পুরো নিস্তব্ধ হয়ে পড়েছে সানজিদার পরিবার। তার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে সানজিদার সঙ্গে শুকরান শান্তর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। তাদের কোন সন্তান ছিল না। এই দম্পতি পূর্ব শেওড়াপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন।
রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শান্ত সানজিদাকে ব্যাপক মারধর করেন। এতে সানজিদা মারা যান। পরে শান্ত নিজেই কুমিল্লায় থাকা শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করে শ্বশুর শাশুড়িকে সানজিদার মৃত্যুর খবর দেন।
পরদিন সোমবার সকালে নিহতের পরিবারের সদস্যরা কুমিল্লা থেকে ঢাকায় পৌঁছে ওই বাসায় যান। সেখানে তারা দেখতে পান, সানজিদার মরদেহ স্বামী শান্ত নিজেই গোসল করাচ্ছেন। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, স্বামীর নির্যাতনে সানজিদার মৃত্যুর বিষয়টি স্বামী নিজেই তার শ্বশুরকে জানিয়েছেন। পরে তারা ঢাকায় পৌঁছে মামলা করেছেন। নিহত সানজিদা আক্তার কুমিল্লা জেলার দক্ষিণ ভঙ্গুরা উপজেলার হিরাপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। প্রায় দুই বছর আগে শুকরান এস এম শান্তর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ঢাকায় বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, শান্ত বেকার ছিল। পুলিশ বলছে, সানজিদার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন গুরুত্বপূর্ণ। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহের প্রকৃত কারণ এবং ঘটনার সময় কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


