এশিয়ান গেমসে অংশ নিতে জাপান পৌঁছাল নারী ফুটবল দল

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান পৌঁছাল নারী ফুটবল দল

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই আয়োজক দেশ জাপানে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১৯ সেপ্টেম্বর আইচি-নাগোয়ায় পর্দা উঠবে এবারের এশিয়ান গেমস। তার পাঁচ দিন আগেই, ১৪ সেপ্টেম্বর মাঠে নামতে হবে ঋতুপর্ণা চাকমাদের।

বিজ্ঞাপন

চীনের গুয়াংজুতে এক সপ্তাহের বেশি সময় প্রস্তুতি নেওয়ার পর শুক্রবার সকালে জাপানের নাগোয়ার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। স্থানীয় সময় রাত ৯টায় নাগোয়া বিমানবন্দরে পৌঁছান ঋতুপর্ণারা। এরপর এশিয়ান গেমসের অ্যাক্রিডিটেশন কার্ড সক্রিয় করতে তারা নাগোয়াতেই থেকে যান।

কার্ড সক্রিয় করার আনুষ্ঠানিকতা শেষ করেই বাসে করে ওসাকার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ দল। এবারের গেমসে নারী ফুটবলের ম্যাচগুলো হবে ওসাকায়। তাই মূল ভেন্যুতে যাওয়ার আগে নাগোয়ায় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে দলকে।

জাপানের মাটিতে নামার আগে অবশ্য ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গুয়াংজুতে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন নবীরন খাতুন। ফলে এশিয়ান গেমসে তার খেলা হচ্ছে না। তিনি দলের সঙ্গে জাপানে গেলেও তার পরিবর্তে ঢাকা থেকে অন্য একজন ফুটবলারকে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। এতদিন প্রতিটি আসরেই পুরুষ ফুটবল দল অংশ নিলেও এবার সেই দলে জায়গা হয়নি। অন্যদিকে, ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসেই প্রথমবার নারী ফুটবল দল অংশ নেয়। এবার দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসের মঞ্চে খেলতে যাচ্ছে ঋতুপর্ণাদের দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন