প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আসন্ন নিউ ইয়র্ক সফরের প্রস্তুতি শুরু হয়েছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম নিউ ইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এবারের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইনে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরো জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের নিউ ইয়র্ক সফর হবে অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি সেখানে মাত্র চার থেকে পাঁচদিন অবস্থান করবেন। আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক ত্যাগ করবেন বলে জানা গেছে। সীমিতসংখ্যক সফরসঙ্গী নিয়ে আসন্ন নিউ ইয়র্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন