নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘর থেকে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
রোববার সকালে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যান। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে টর্চলাইটের আলোয় মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করে।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এ বিষয়ে ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

