প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

প্রথম টেস্টে অপ্রত্যাশিত হারের পর চরম সমালোচনার মুখে পড়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় টেস্টেই শক্তভাবে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে প্যাট কামিন্সের দল। বাংলাদেশকে হারিয়েছে দাপটের সঙ্গে। ম্যাকাইয়ে টেস্ট ম্যাচটি মাত্র দুদিনেই ইনিংস ও ৫১ রানের ব্যবধানে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে অজিরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানান, এ জয়টি কোনো প্রতিশোধের বিষয় ছিল না, বরং তাদের কাছে এটি ছিল নিজেদের আত্মসম্মানের লড়াই।

বিজ্ঞাপন

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ খেলেছে ২৩ বছর পর। তারপরও ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই হারের ধাক্কা সামলে ম্যাকাইয়ে ফিরে আসা প্রসঙ্গে কামিন্স বলেন, ‘এটি আসলে আত্মসম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একটি ম্যাচ হেরে যাওয়ার পর পরেরটি জেতার জন্য মরিয়া হয়ে উঠতে হয়। ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য খুব দরকার ছিল এবং আমরা তা করতে পেরে আনন্দিত।’

ম্যাকাই টেস্টের উইকেট নিয়ে বেশ আলোচনা তৈরি হলেও কামিন্স জানান, পিচ মোটেও খারাপ ছিল না। ৫ সেশনের মধ্যে ৩০টি উইকেট পড়ে যাওয়া এবং ম্যাচ দুদিনে শেষ হয়ে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। পিচ বেশ ভালোই ছিল। দেখে মনে হয়নি যে, এটা ৫ সেশনের মধ্যে ৩০ উইকেট পড়ে যাওয়ার মতো।’

অস্ট্রেলিয়ার হয়ে পেসার মিচেল স্টার্ক ২ ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেন; অন্যদিকে বাংলাদেশের হয়ে পেসার শরিফুল ইসলাম একমাত্র ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে নজর কাড়েন।

তবে ম্যাচটি দ্রুত শেষ হওয়ার পেছনে বোলারদের নৈপুণ্যের সঙ্গে ব্যাটারদের ব্যর্থতাকেও দায়ী করেন অজি অধিনায়ক। তিনি যোগ করেন, ‘দুর্দান্ত বোলিং যেমন ছিল, তেমনই মাঝে মাঝে গড়পড়তার চেয়েও বাজে ব্যাটিং দেখা গেছে। যার মধ্যে আমি নিজেও আছি। সম্ভবত এসব কারণেই ম্যাচটি এত দ্রুত শেষ হয়ে গেল।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন