দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে রকিবুল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের শেষ দিনে হৃদয়ের ব্যাট থেকে আসে এই অনন্য কীর্তি। ম্যাথু বোস্টের বল মিড অনে ঠেলে দুই রান নিয়ে ৩০০ পূর্ণ করেন তিনি। ৪৫১ বলে ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছানো হৃদয়ের ইনিংসে ছিল ২৫ চার ও ৬ ছক্কা।

বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। মাত্র ৩৭ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে নামেন হৃদয়। মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন দ্রুত বিদায় নিলেও এক প্রান্ত আগলে রাখেন ডানহাতি এই ব্যাটার। জাকের আলীর সঙ্গে পঞ্চম উইকেটে ১৫১ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন।

জাকের ৯৪ রানে আউট হওয়ার পর মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে আরও বড় জুটি গড়েন হৃদয়। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ১৮৫ রান। সাইফউদ্দিন ৮৭ রানে ফিরলেও হৃদয়ের মনোযোগে কোনো ছেদ পড়েনি।

শেষ দিনে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল আবার চাপে পড়লেও রেজাউর রহমান রাজাকে নিয়ে ইনিংস এগিয়ে নেন হৃদয়। অষ্টম উইকেট পতনের সময় তার রান ছিল ২২৫। সেখান থেকে আরও আগ্রাসী ব্যাটিংয়ে ব্যক্তিগত স্কোর নিয়ে যান তিন শ পেরিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হৃদয় অপরাজিত ৩৩৩ রানে। ৮ উইকেটে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৬৫৮ রান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ইনিংসের ৫১২ রানের জবাবে বাংলাদেশের লিড ১৪৬ রান। ম্যাচটি নিশ্চিতভাবেই ড্রয়ের পথেই এগোচ্ছে, তবে ফলের চেয়েও পচেফস্ট্রুম টেস্ট স্মরণীয় হয়ে থাকবে হৃদয়ের অসাধারণ এই ইনিংসের জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন