নেত্রকোনার মদনে ৫ বোতল দেশীয় মদসহ আল আমিন পাশা (২৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর সদরের ইমদাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আল আমিন পাশা মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি মদন পৌর যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আল আমিন পাশার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘর থেকে ৫ বোতল দেশীয় মদ, যার পরিমাণ ২ দশমিক ৫ লিটার, জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, আল আমিন পাশা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
এ ঘটনায় মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার পর রোববার তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।
মদন থানার ওসি মো. সালাউদ্দিন করিম বলেন, ‘ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে আল আমিন পাশা নামে একজনকে ৫ বোতল দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে রোববার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

