পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

নতুন পে-স্কেলে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা এখন বলতে পারছি না। এ সম্বন্ধে পরবর্তী সিদ্ধান্ত আসবে যখন তা হবে।’

এর আগে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। তবে ধাপে ধাপে এর বাস্তবায়ন ধরা হবে ১ জুলাই ২০২৬ থেকে। এর মধ্যে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এই দুই অর্থবছরে পর্যায়ক্রমে মূল বেতন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন মোট তিন ধাপে কার্যকর হবে। আর বেতন-ভাতার অন্যান্য সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেডের মধ্যে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানো হয়েছে। প্রথম গ্রেডে নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। অন্যদিকে ২০তম গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১২ বছর ধরে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল হয়নি। অথচ সাধারণভাবে পাঁচ বছর পরপর বেতন স্কেল পরিবর্তনের কথা। দীর্ঘ সময় বেতন না বাড়ায় সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান কমে গেছে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

এদিকে পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশ্লিষ্ট এসআরও (প্রজ্ঞাপন) জারি না হওয়া পর্যন্ত এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন না।

সাংবাদিকদের ওয়েজ বোর্ড নিয়েও প্রশ্ন করা হয় মন্ত্রিপরিষদ সচিবকে। এ বিষয়ে তিনি বলেন, নতুন পে-স্কেল আসার পর ওয়েজ বোর্ডের বিষয়টির ‘গতিবেগ বাড়বে’। এটি আর পড়ে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।’

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনার বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন