ইসরাইলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের সঙ্গে জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগনের সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতার বিরোধিতা করেছে জার্মানির বামপন্থি দল দ্য লেফট। দলটির নেতারা বলেছেন, ভক্সওয়াগনের ওসনাব্রুক কারখানাকে সামরিক সরঞ্জাম উৎপাদনের কেন্দ্রে রূপান্তর করা ওই শহরের শান্তির ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।
ভক্সওয়াগনের ওসনাব্রুক কারখানায় রাফায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিভিন্ন উপাদান তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সামরিক ট্রাক, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ও বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র তৈরির বিষয় রয়েছে।
ওসনাব্রুকের মেয়র পদপ্রার্থী ও লেফট পার্টির নেতা থমাস গ্রস বলেন, তাদের দল কারখানাটিতে বেসামরিক মিনিবাস উৎপাদনের প্রস্তাবকে সমর্থন করে। গ্রামীণ এলাকায় গণপরিবহনের জন্য এসব যানবাহনের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
গ্রস বলেন, জলবায়ু সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিনিয়োগ করা সামরিক ব্যয় বাড়ানোর চেয়ে বেশি জরুরি। তার মতে, ওসনাব্রুকের ‘শান্তির শহর’ হিসেবে যে ঐতিহ্য রয়েছে, তার সঙ্গে সামরিক শিল্প স্থাপনের পরিকল্পনা সামঞ্জস্যপূর্ণ নয়।
ভক্সওয়াগনের এই পরিকল্পনা নিয়ে জার্মানিতে আগে থেকেই বিতর্ক রয়েছে। প্রতিষ্ঠানটি চীনের প্রতিযোগিতা, দুর্বল চাহিদা ও উচ্চ ব্যয়ের কারণে বড় ধরনের পুনর্গঠনের মুখে পড়েছে। ওসনাব্রুক কারখানায় গাড়ি উৎপাদন ২০২৭ সালের পর বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কারখানাটি অন্য কাজে ব্যবহারের সম্ভাবনা হিসেবে প্রতিরক্ষা খাতের অংশীদারত্বের বিষয়টি সামনে এসেছে।
তবে পরিকল্পনাটি নিয়ে শুধু রাজনৈতিক বিরোধিতাই নয়, কোম্পানির অংশীদারদের মধ্যেও আপত্তি রয়েছে। এর আগে ভক্সওয়াগনের অন্যতম বড় শেয়ারহোল্ডার কাতারের সার্বভৌম সম্পদ তহবিল সামরিক উৎপাদনসংক্রান্ত প্রস্তাবে আপত্তি জানিয়েছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়।
জার্মান বাম দলের আপত্তির মূল বিষয় হলো, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইলের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জার্মান শিল্পপ্রতিষ্ঠানের সামরিক সহযোগিতা দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিকে আরও বিতর্কিত করে তুলতে পারে।
সূত্র: মিডল ইস্ট মনিটর, রয়টার্স ও আনাদুলু এজেন্সি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


