ভালো উইকেটেই বদলেছে বাংলাদেশের ক্রিকেট: আশরাফুল

ভালো উইকেটেই বদলেছে বাংলাদেশের ক্রিকেট: আশরাফুল

ঘরের মাঠে দীর্ঘদিন ধরে স্পোর্টিং উইকেটে খেলার সুফল এখন পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটাই মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে, গত কয়েক মাসে ভালো উইকেটে নিয়মিত খেলার অভ্যাসই বিদেশের মাটিতে বাংলাদেশের উন্নত পারফরম্যান্সের অন্যতম কারণ।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের পেছনে উইকেটের ভূমিকার কথা তুলে ধরেছেন সাবেক এই অধিনায়ক। আশরাফুল বলেন, ‘গত নয় মাস ধরে আমরা ভালো উইকেটে খেলছি, সে কারণেই কিন্তু ভালো ভালো ফলাফলগুলো আমাদের পক্ষে আসছে। তিনটি বিভাগেই আমরা ভালো করছি– ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায়।’

ভালো উইকেটে খেলার সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট, প্রধান কোচ এবং তিন ফরম্যাটের অধিনায়কদেরও কৃতিত্ব দিয়েছেন তিনি।

আশরাফুলের ভাষায়, ‘গত নয় মাস যেভাবে আসলে আমরা প্রস্তুতি নিচ্ছি প্রত্যেকটা টেস্ট, ওয়ানডেতে আমরা কিন্তু ভালো উইকেটে খেলছি। এটার একটা বড় কৃতিত্ব দিতে হবে আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের ম্যানেজমেন্ট, বিশেষ করে প্রধান কোচ এবং তিন ফরম্যাটের অধিনায়ক, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভালো উইকেটে খেলব।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ খেলার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেই সিরিজ নিয়েও আশাবাদী আশরাফুল।

তিনি বলেন, ‘আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে...ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ঘরের মাঠে দুটি ম্যাচ, তারপরে আমরা দক্ষিণ আফ্রিকা যাব। আমি বিশ্বাস করি যে আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই আমরা ম্যাচ ধরে ধরে চিন্তা করছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নিজের বিশেষ সম্পর্কের কথাও স্মরণ করেছেন আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়াকে হারানো এবং এবার কোচিং স্টাফের সদস্য হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।

তার ভাষায়, ‘নিজেকে খুব ভাগ্যবান মনে হয় আসলে যে এত বড় একটা অর্জনে দলের সঙ্গে থাকতে পেরেছি। যখন ২০০৫ সালে আমরা অস্ট্রেলিয়াকে হারালাম কার্ডিফে, ওই অস্ট্রেলিয়া দলটা তো খুবই শক্তিশালী দল ছিল। এবারের অস্ট্রেলিয়া দলটাও চমৎকার ছিল এবং তাদের মাঠে গিয়ে আমরা জয় করেছি, তো দুটি দলের সঙ্গেই থাকতে পেরে ভালো লাগছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন