চীন সীমান্তে ব্যারিয়ার লেকে ভাঙন, নেপালে ফের বন্যার শঙ্কা

চীন সীমান্তে ব্যারিয়ার লেকে ভাঙন, নেপালে ফের বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত।

নেপালের রসুয়া জেলার চোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মোহনার কাছে তৈরি হওয়া একটি বড়ো প্রাকৃতিক হ্রদ ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার নেপালি সেনাবাহিনীর বরাত দিয়ে একথা জানান রসুয়ার প্রধান জেলা কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার। এতে ভোটেকোশি নদীতে ফের আকস্মিক পানির ঢল নামার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, হ্রদটি পানিতে উপচে পড়ছে এবং যে কোনো সময় ভেঙে যেতে পারে।

বিজ্ঞাপন

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটেকোশি নদীতে পানির উচ্চতা বেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ধুনছে ও রসুয়ায় অবস্থানরত হেলিকপ্টার দিয়ে ভোটেকোশি ও আশপাশের এলাকায় আকাশপথে জরিপ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের হিসাবে, বৃহস্পতিবার সকালে হ্রদটিতে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি ছিল। পরবর্তী তিন দিনে আরো প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি সেখানে প্রবেশের আশঙ্কা করা হয়।

এর আগে বুধবার নেপাল-চীন সীমান্ত এলাকায় আকস্মিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রসুয়ার তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকায় ভোটেকোশি নদীর প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয় সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা। এছাড়া বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নতুন হ্রদ ভেঙে যাওয়ার খবর উদ্ধার তৎপরতার মধ্যে পরিস্থিতিকে আরো জটিল করেছে। হঠাৎ বিপুল পানি নেমে এলে ভোটেকোশি ও ত্রিশূলী নদীপথের নিম্নাঞ্চলে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদ ভাঙার ঘটনায় ঠিক কত পরিমাণ পানি বের হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আকাশপথে জরিপের পর পরিস্থিতির প্রকৃত চিত্র ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সূত্র: দ্য কাঠমাণ্ডু পোস্ট

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন