ইমাম-খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

ইমাম-খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের ইমাম সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার গাজীপুরে আয়োজিত এ সম্মেলনে মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম-খতীব, উলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের আহ্বায়ক আলহাজ মুফতি নাছির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি মুফতি মাসউদুল করিম কাসেমী এবং আল-জামিয়া দারুল উলূম হাড়িনালের মুহতামিম মুফতি সানাউল্লাহ।

সমিতির গাজীপুর মহানগরের সদস্য-সচিব মাওলানা আব্দুল হান্নান বেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন মসজিদের ইমাম-খতীব, উলামায়ে কেরাম ও সুধীজন বক্তব্য রাখেন।

বক্তারা ইমাম সমাজের ঐক্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দ্বীনি ও সামাজিক দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটে গাজীপুর মহানগর কমিটির পাঁচটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল নির্বাচন করা হয়। এতে আলহাজ মুফতি নাছির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা মনিরুজ্জামান সরকারকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুল হান্নান বেলালীকে সাধারণ সম্পাদক, মুফতি আলমগীর হোসাইন যশোরীকে সাংগঠনিক সম্পাদক এবং মুফতি শাহাদাত হোসাইনকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়।

কেন্দ্রীয় নেতারা নবনির্বাচিত পাঁচ দায়িত্বশীলকে মহানগর কমিটির অবশিষ্ট ৩৩ সদস্য নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন।

নবনির্বাচিত দায়িত্বশীলরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি ইমাম-খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলন ও কাউন্সিল শেষে দেশ, জাতি, উলামায়ে কেরাম ও ইমাম-খতীবদের কল্যাণ এবং সংগঠনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন