ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন

ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন

ব্যাটারি উৎপাদনকারী জিউঝু ইন্ডাস্ট্রি লিমিটেড নামে এক কোম্পানির বিরুদ্ধে প্রায় ৩১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকির ঘটনা উদঘাটন করেছে ঢাকা বিভাগের মূল্য সংযোজন করের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ব্যাটরি উৎপাদন ও বিক্রয়ের তথ্যের ভিত্তিতে ভ্যাট ফাঁকির এ ঘটনা উদঘাটন করা হয়।

বিজ্ঞাপন

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ আগস্ট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি নিবারক দল জিউঝু ইন্ডাস্ট্রিতে অভিযান পরিচালনা করে। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিল, নথিপত্র ও হিসাব-সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দ করা নথিপত্র বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকির বিষয়টি উঠে আসে।

সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি প্রকৃত তথ্য গোপন রেখে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জিউঝু ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন ধরনের ব্যাটারি এবং ব্যাটারি-সংক্রান্ত যন্ত্রাংশ উৎপাদন ও বিপণনের সাথে যুক্ত। এর মধ্যে বিভিন্ন ক্ষমতার আইপিএস, ইউপিএস, সোলার সিস্টেম এবং ভেইকেল বা মোটরচালিত যানের ব্যাটারি প্রধান। এই ধরনের ব্যাটারি কারখানায় সাধারণত লিড-অ্যাসিড ব্যাটারি, ভিআরএলএ ব্যাটারি কিংবা আধুনিক এনার্জি স্টোরেজ ব্যাটারি তৈরির জন্য লিড প্লেট, ইলেক্ট্রোলাইট, কেমিক্যাল এবং প্লাস্টিক কেইসিং বা কেস ব্যবহার করে অ্যাসেম্বলিং ও প্রসেসিং করা হয়। মূলত চীন থেকে বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি (যেমন—ব্যাটারি তৈরির উপাদান বা ওভেনের যন্ত্রাংশ) আমদানি করে বাংলাদেশে কারখানা পরিচালনা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন