আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় ড্রোন হামলার এক দিন পর দেশটির ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বৃহস্পতিবার জানান, এসব হামলার লক্ষ্য ছিল ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা।
তিনি দাবি করেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বুধবার আফগানিস্তান থেকে আসা আটটি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করে। এর পরিপ্রেক্ষিতেই ‘আত্মরক্ষার অধিকার’ প্রয়োগ করে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
তারারের ভাষ্য, হামলাগুলো ছিল ‘সুনির্দিষ্ট ও সীমিত’ এবং কেবল সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত হয়েছে। তিনি আফগান তালেবানকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা বন্ধ এবং আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি ও আশ্রয়স্থল নিয়ে কাবুলকে বারবার সতর্ক করা হলেও প্রত্যাশিত ব্যবস্থা নেওয়া হয়নি। ইসলামাবাদ বলেছে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো হামলার জবাব দেওয়া হবে।
এর আগে ২১ সেপ্টেম্বর পাকিস্তান আফগান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানায়। ওই হামলায় ২৮ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে পাকিস্তান দাবি করে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, ড্রোন হামলা ও পাল্টা বিমান হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক আরো উত্তপ্ত হয়েছে।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


