ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। তবে আলোচনা চলাকালীন সামরিক অভিযান বন্ধ করবে না মস্কো—এমনটাই জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান, তাহলে তাকে মস্কোয় আসতে হবে।
তার দাবি, জেলেনস্কিকে মস্কোয় আসার আমন্ত্রণ জানানো রাশিয়ার পক্ষ থেকে বড় ধরনের সদিচ্ছার পদক্ষেপ। কারণ, ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো রাশিয়ার সঙ্গে আলোচনা নিষিদ্ধ করে জারি করা নিজের ডিক্রি বাতিল করেননি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় বসার ক্ষেত্রে রাশিয়ার সদিচ্ছার কোনো ঘাটতি নেই এবং মস্কো এখনো আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি পরিষ্কার করে দেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরু হলেও রাশিয়ার সামরিক অভিযান চলতে থাকবে।
সূত্র: সামা টিভি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


