নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের অবিরাম জয়রথ ছুটেই চলছে। চাইনিজ তাইপে ও পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর পর এবার কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে জয়ের দুর্দান্ত হ্যাটট্রিক করেছে বাংলাদেশের মেয়েরা। টানা তিন জয়ে 'চ্যালেঞ্জার পুলে' ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একক শীর্ষস্থান আরও মজবুত করেছে দল।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই কাজাখস্তানকে চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের মাত্র ৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সারিকা রিমনের গোলে এগিয়ে যায় দল। এরপর ১৪ মিনিটে লিজা আক্তারের চমৎকার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথম কোয়ার্টারেই দুই গোল খেয়ে চাপে পড়া কাজাখস্তান দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে রক্ষণে মনোযোগী হলে আর কোনো গোল হয়নি।
তবে চতুর্থ কোয়ার্টারে আবারও ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের মেয়েরা। ৪৬ মিনিটে মোসাম্মত লিমার ফিল্ড গোল বাংলাদেশকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন সারিকা রিমন।
দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশের লক্ষ্য এবার নকআউট পর্বে জায়গা করে নেওয়া। টুর্নামেন্টের বিন্যাস অনুযায়ী, ১০ দলের মধ্যে 'চ্যালেঞ্জার পুল' থেকে শীর্ষ ৩টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। হ্যাটট্রিক জয়ে বর্তমানে ৯ পয়েন্ট পাওয়া বাংলাদেশের মেয়েদের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো অনেকটাই নিশ্চিত। নিজেদের চতুর্থ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

